২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪২৪
দেশে আজ মঙ্গলবার (১২ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০৫ জন। তাদের মধ্যে ৮৭ জনের শরীরে পরীক্ষাগারে হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরে দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে অন্তত ৬৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ৩৫৬ শিশুর মৃত্যু হয়েছে।
ডিজিএইচএসের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১২ মে পর্যন্ত পরীক্ষাগারে মোট ৭ হাজার ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিন অনুযায়ী, সারা দেশে এখন পর্যন্ত ৫১ হাজার ৫৬৭ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে ৩২ হাজার ৮৭৭ জন হাসপাতাল ছেড়েছেন।
