লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা জানাল সরকার
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর 'বর্বরোচিত হামলায়' দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।
আজ মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নিহত দুই বাংলাদেশি হলেন—সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। সোমবার (১১ মে) ইসরায়েলি বাহিনীর হামলায় তারা নিহত হন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।
মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় নিহতদের মরদেহ দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কাজ করছে। এছাড়া, দূতাবাস কর্মকর্তারা নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন।
ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান প্রাণহানির ঘটনায় বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।
