লেবাননে যুদ্ধের অবসান ও সেনাদের ঘরে ফেরানোর দাবি ইসরায়েলি সৈনিকদের মা-বাবার
লেবাননে দায়িত্ব পালন করা ইসরায়েলি সেনাদের মা-বাবারা এবার যুদ্ধের অবসানের দাবি তুলেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'বাইরের কোনো স্বার্থের জন্য' তারা তাদের সন্তানদের জীবন 'বলিদান' হতে দেবেন না। অনতিবিলম্বে লড়াই থামিয়ে সেনাদের দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং সেনাপ্রধান ইয়াল জামিরকে পাঠানো এক 'জরুরি' চিঠিতে এই দাবি জানানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের চ্যানেল ১২ টেলিভিশন এ তথ্য জানায়।
চিঠিতে ওই মা-বাবারা লিখেছেন, 'লেবাননে আমাদের সেনারা হাত-পা বাঁধা অবস্থায় কাজ করছে। দেখে মনে হচ্ছে, বাইরের কোনো শক্তিই এই যুদ্ধের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করছে। রাজনৈতিক নেতৃত্বের উদাসীনতা বা বাইরের কোনো স্বার্থের জন্য আমরা আমাদের সেনাদের জীবন বলি দিতে দেব না।'
চিঠিতে আরও একটি কড়া বার্তা দেওয়া হয়েছে। যেসব মন্ত্রীর সন্তান বা নাতি-নাতনিরা ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করে না এবং যারা 'বিষয়টি নিয়ে গর্ব করেন', তাদের যুদ্ধসংক্রান্ত কোনো সিদ্ধান্তে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন মা-বাবারা।
তারা চিঠিতে লিখেছেন, 'লেবাননে সামরিক অভিযানের কোনো সুস্পষ্ট লক্ষ্য আমরা এখনো দেখতে পাচ্ছি না। ইসরায়েলি সেনাদের এভাবে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা অসম্ভব। হয় শত্রুকে পরাজিত করুন, না হয় এখনই যুদ্ধ শেষ করে সব সেনাকে বাড়িতে ফিরিয়ে আনুন।'
