মন্ত্রণালয়ের কোনো বিভাগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের প্রথম দিনে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, 'আইন মন্ত্রণালয়ের অধীনে আমাদের যত দপ্তর রয়েছে সেখানে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সেগুলো সরাসরি মন্ত্রণালয়কে জানানোর জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব অভিযোগ সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করা হবে। মাঠ পর্যায়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এসব অভিযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না সেটাও দেখার বিষয়।'
আইনমন্ত্রী আরও বলেন, 'সরকারের সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অনেক ফাইল আসতে দেরি হয়। অহেতুক যাতে সময়ক্ষেপণ করা না হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এর পাশাপাশি মামলাজট কমানোর জন্য ডিসিদের কোনো পরামর্শ থাকলে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে।'
মন্ত্রী বলেন, 'জনসাধারণ সরকারি বই বা দলিলের প্রতিলিপি সংগ্রহ করে। এগুলো বিনামূল্যে করা যায় কি না সেটি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া জলমহাল ও বালুমহাল নিয়ে একটি সমন্বিত আইন করা, দেওয়ানি আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে তামাদি মওকুফ করা, মহাফেজখানা অটোমেশন নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি।'
