এক সপ্তাহে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এল কয়লার দুই চালান
কক্সবাজারের মহেশখালীর ১,২০০ মেগাওয়াট সক্ষমতার মাতারবাড়ী আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎকেন্দ্রের জন্য এক সপ্তাহে দুটি কয়লার চালান এসেছে। একটি চালানে ৫৭ হাজার ১০০ মেট্রিক টন এবং অপরটিতে ৫৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লা রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে ৫৭ হাজার ৮০০ মেট্রিক টন কয়লার চালানটির খালাস কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম বন্দেরর আউটার অ্যাঙ্কোরেজে কয়লার সর্বশেষ চালানটি পৌঁছেছে।
এর আগে, গত ২৩ এপ্রিল ৫৭ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে আরেকটি জাহাজ এসেছিল, যার খালাস কার্যক্রম গত সোমবার সম্পন্ন হয়।
এসব তথ্য নিশ্চিত করেছেন বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (সিপিজিসিবিএল) উপ-মহাব্যবস্থাপক (কমার্শিয়াল) এইচ.এম.নুরুজ্জামান মিয়া।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'নিয়মিত কয়লার চালান আসছে। এক সপ্তাহে দুটি চালান মাতারবাড়ীতে পৌঁছেছে। বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি পুরোদমে চলছে।'
বিদ্যুৎ বিভাগের তথ্যমতে, ৫৬ হাজার ৬৯৩ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে মাতারবাড়ী আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাবিদ্যুৎ প্রকল্পের বাস্তবায়ন শুরু হয় ২০১৪ সালে। মোট ব্যয়ের মধ্যে ৪৭ হাজার ৯৪৫ কোটি টাকা জাইকার ঋণ হিসেবে নেওয়া হয়েছে।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের একটি ইউনিট ২০২৩ সালের জুলাইয়ে এবং অপরটি একই বছরের ডিসেম্বরে চালু হয়।
বর্তমানে এক বছরের চুক্তির আওতায় মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩৫ লাখ টন কয়লা সরবরাহের চুক্তি পেয়েছে মেঘনা গ্রুপ ও আদিত্য বিরলা গ্রুপ। যার আওতায় আসছে এসব কয়লার চালান। চলতি বছরের জুনে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।
