অসৌজন্যমূলক আচরণের জেরে বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো হাইকোর্টের বিচারপতি আব্দুল মান্নানকে
কুমিল্লার একটি অনুষ্ঠানে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আব্দুল মান্নানকে বিচারিক কার্যক্রম থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি প্রধান বিচারপতি বিচারকাজ পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে যে ৬৩টি বেঞ্চ গঠন করেছেন, সেখানে বিচারপতি মো. আব্দুল মান্নানকে রাখা হয়নি। তাঁকে কোনো বেঞ্চের দায়িত্ব না দিয়ে বিচারকাজ থেকে আপাতত বিরত রাখা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ৩ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে এপেক্স ক্লাবের একটি অনুষ্ঠানে জাতীয় বোর্ড নির্বাচনকে কেন্দ্র করে অসৌজন্যমূলক আচরণ করেন বিচারপতি আব্দুল মান্নান। অভিযোগ উঠেছে, তিনি সেখানে নিজের বিচারপতি পরিচয় দিয়ে অন্যদের হুমকি প্রদান করেন এবং দীর্ঘ সময় বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বিচারপতির এমন আচরণের একটি ভিডিও চিত্র পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিচার বিভাগ ও জনমনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অক্টোবর মো. আব্দুল মান্নান হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পান। উচ্চ আদালতে যোগদানের আগে তিনি পিরোজপুর জেলার জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
