বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যাত্রী কল্যাণ সমিতির
আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক সমিতি একচেটিয়া হারে ভাড়া বৃদ্ধি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
আজ বুধবার (২২ এপ্রিল) এক বিবৃতিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এমন হুঁশিয়ারি দেন।
বিবৃতিতে মোজাম্মেল হক চৌধুরী বলেন, '২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৩২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকায় এলে সরকার তিন দফায় ৮ পয়সা বাস ভাড়া কমায় এবং লঞ্চেও অনুরূপ ভাড়া কাগজপত্রে কমানো হয়।'
দেশের যাত্রী সাধারণ কোনো বাস ও লঞ্চে কমানো ভাড়ার সুবিধা পায়নি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, 'এই কমানো ভাড়ার সুফল যাত্রীরা পাচ্ছে কি না, সে বিষয়ে কোনো প্রকার তদারকি করেনি সরকার।'
বিবৃতিতে আরও বলা হয়, 'এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে বাস মালিকেরা ৬৪ শতাংশ এবং লঞ্চ ভাড়া ৪২ শতাংশ বাড়াতে মরিয়া হয়ে উঠেছে স্ব-স্ব মালিক সমিতি। এসব যৌক্তিক বিষয়ে পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরার কারণে বারবার যাত্রী কল্যাণ সমিতিকে বাদ দিয়ে বাস ও লঞ্চের মালিক সমিতি স্বৈরাচার সরকারের ন্যায় একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তারা করছে।'
সরকারের কিছু আমলা সাময়িকভাবে লাভবান হয়ে যাত্রীপ্রতিনিধিদের বাদ রেখে বাস ও লঞ্চ মালিকদের এমন অযৌক্তিক ভাড়া সমন্বয়ের নামে ভাড়া বাড়িয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব।
