জ্বালানি সংকট মোকাবিলায় আরও ৩.৭৫ লাখ টন ডিজেল-অকটেন কেনার অনুমোদন
জ্বালানি সংকট মোকাবিলায় সরাসরি ক্রয় পদ্ধতিতে আরও দুই লাখ টন ডিজেল ও অকটেন কেনার প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়া ১.৭৫ লাখ টন অকটেন ও ডিজেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই দুই কমিটির সভায় এসব প্রস্তাব অনুমোদন করা হয় বলে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে।
নিয়মানুযায়ী, সরকার দেশি ও বিদেশি উৎস থেকে কোনো পণ্য ও সেবা কেনার আগে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি থেকে অনুমোদন নিতে হয়। এই সভায় অনুমোদিত প্রস্তাবগুলো সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদন পেলে তা কেনা হয়।
ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদিত ১.৭৫ লাখ টন তেলের মধ্যে ১.৫০ লাখ টন ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন রয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিবিএস ট্রেডিং হাউজ এফজেডসিও'র কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৫০ হাজার টন ডিজেল এবং ২৫ হাজার টন অকটেন কেনা হবে। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২৩ কোটি ৬১ লাখ টাকা।
এছাড়া, আর্চার এনার্জি এলএলসির কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত কমিটি। এতে ব্যয় হবে ৬৭৪ কোটি ৬০ লাখ টাকা।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আর্চার এনার্জি এলএলসি থেকে ১ লাখ টন ডিজেল এবং মাজদা অয়েল কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১ লাখ টন ডিজেল আমদানির প্রস্তাব নীতিগত অনুমোদন করছে।
