হামের কারণে জরুরি অবস্থা ঘোষণার পরিস্থিতি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, হামের কারণে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
আজ সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "প্রথম শিশুমৃত্যুর পরই আমরা আইসিইউর ব্যবস্থা করেছি এবং দেশের বিভিন্ন স্থানে ভেন্টিলেটর সরবরাহ করেছি। আগের সরকার আমাদের হাতে টিকা রেখে যায়নি। আমরা দ্রুত গ্যাভি ও ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ করেছি।"
তিনি জানান, এ মাসের ৫ তারিখ থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় টিকাদান শুরু হয়েছে এবং সোমবার থেকে সারা দেশে এই কার্যক্রম চালু হয়েছে। "আগামী দুই-তিন দিনের মধ্যে হামে আক্রান্তের সংখ্যা কমে আসবে," বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, "কোনো দুর্যোগ কত দিনে কাটবে তা বলা কঠিন। তবে রোগীর সংখ্যা কমছে। এখনকার পরিস্থিতিকে মহামারি বলা যাবে না।"
তিনি আরও বলেন, ঢাকায় হামের প্রাদুর্ভাব তুলনামূলক কম এবং রাজধানীর হাসপাতালে ভর্তি রোগীদের অনেকেই অন্যান্য জেলা থেকে আসছেন। ঢাকায় টিকাদান কার্যক্রমও বাড়ানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
এর আগে সকাল ৮টায় স্বাস্থ্যমন্ত্রী টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির এবং জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান।
উল্লেখ্য, দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা দেওয়া হচ্ছে। এই বিশেষ ক্যাম্পেইন সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত এবং অন্যান্য এলাকায় ১২ মে পর্যন্ত চলবে।
