বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর
বাহরাইনে নিহত বাংলাদেশি প্রবাসী গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ দেশে পৌঁছেছে। আজ বুধবার (১৫ এপ্রিল) এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন এবং তা নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে হস্তান্তর করেন।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তর অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, 'প্রবাসে কর্মরত বাংলাদেশিদের কল্যাণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।'
সরকারের পক্ষ থেকে গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহের সৎকার কার্যক্রমের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া, ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।
বাণিজ্যমন্ত্রী বিদেশগামী সকল কর্মীকে অবশ্যই জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)-এর মাধ্যমে নিবন্ধন করে বিদেশ যাওয়ার আহ্বান জানান, যাতে তারা সরকারের আনুষ্ঠানিক তালিকায় অন্তর্ভুক্ত থাকেন এবং প্রয়োজনে দ্রুত সহায়তা পেতে পারেন।
এছাড়া, বাণিজ্যমন্ত্রী প্রবাসে কর্মরত সকল বাংলাদেশির নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এবং নিহত গিরিশ চন্দ্র সূত্রধরের আত্মার মাগফিরাত কামনা করেন।
উল্লেখ্য, গিরিশ চন্দ্র সূত্রধর সিলেট জেলার সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা ছিলেন এবং তিনি কিছুদিন আগে বাহরাইনে কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেন।
