কাজের মান নিয়ে প্রশ্ন তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে তাড়া করলেন ঠিকাদার, থানায় অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এক উপ-সহকারী প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার অভিযোগ উঠেছে এক ঠিকাদার ও তার লোকজনের বিরুদ্ধে। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলজিইডির তত্ত্বাবধানে নবীনগর উপজেলার শিবপুর থেকে মেরকুটা পর্যন্ত সড়কে রিটেইনিং ওয়ালের নির্মাণকাজ চলছে। এই কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স লোকমান এন্টারপ্রাইজ। নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছিলেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে কাজের মান তদারকি করতে যান উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম। সেখানে গিয়ে নিম্নমানের সামগ্রীর সত্যতা পেয়ে তিনি প্রশ্ন তুললে ঠিকাদার লোকমান ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ঠিকাদার ও তার অনুসারীরা মেজাজ হারিয়ে প্রকৌশলী তরিকুলকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করেন। ঘটনার একটি ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রকৌশলী মির্জা মো. তরিকুল ইসলাম বলেন, "কাজের মান নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঠিকাদার ও তার লোকজন আমাকে মারার জন্য তাড়া করেন। আমি কোনো রকমে দৌড়ে গিয়ে রক্ষা পাই।"
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ঠিকাদার লোকমান হোসেনের মোবাইল ফোনে কল করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, "ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন প্রকৌশলীকে মারার জন্য বাঁশ নিয়ে তাড়া করার বিষয়টি শুনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে সেখানে পাওয়া যায়নি। এ বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।"
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, প্রকৌশলীর লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
