রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক হাইব্রিড ক্লাস চালুর পরিকল্পনা শিক্ষামন্ত্রীর
জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাজধানীর নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলকভাবে অনলাইন ও অফলাইনের সমন্বিত (হাইব্রিড) ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (৮ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত "বৈশ্বিক জ্বালানি সংকটে শিক্ষা কার্যক্রম চালু রাখা ও বিদ্যুৎ সাশ্রয়" শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, "সব স্কুলে একযোগে নয়, যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা আছে সেগুলোতে পাইলট প্রকল্প হিসেবে হাইব্রিড ক্লাস চালু করা হতে পারে। প্রস্তাবিত মডেলে সপ্তাহের কিছু দিন অনলাইন এবং কিছু দিন অফলাইন ক্লাস থাকবে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে ট্রাফিক চাপ ও জ্বালানি ব্যবহার হ্রাস পাবে এবং তারা নিয়মিত পাঠক্রমের সঙ্গে যুক্ত থাকবে।"
তিনি বলেন, "বিশ্ব ইতিহাসে সংকটগুলো নতুন সম্ভাবনার দরজা খুলেছে। তাই বর্তমান পরিস্থিতিতেও শিক্ষা ব্যবস্থাকে থামিয়ে না রেখে নতুন পদ্ধতিতে এগিয়ে নিতে হবে। ভবিষ্যতের শিক্ষা হবে প্রযুক্তিনির্ভর এবং অনেকাংশে পেপারলেস। সংসদ থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সব জায়গায় ডিজিটাল ব্যবস্থার ব্যবহার বাড়বে। শিক্ষার্থীদের সেই বাস্তবতার জন্য প্রস্তুত করতে হবে।"
শিক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, অনলাইন ক্লাস কার্যকর করতে প্রশিক্ষণ ও তদারকি বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা অনলাইনে মনোযোগী থাকে।
এছাড়া সরকার ইতোমধ্যে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—এয়ার কন্ডিশনারের তাপমাত্রা নির্ধারণ, অফিস সময়সূচি পরিবর্তন, সৌরবিদ্যুৎ ও বৈদ্যুতিক পরিবহনের ব্যবহার বাড়ানো।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া উপস্থিত ছিলেন।
