মেট্রোপলিটন এলাকায় অনলাইন-অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে অনলাইন ও অফলাইন ক্লাস সমন্বিতভাবে চালুর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড বরিশালের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই পরিকল্পনার কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, 'মেট্রোপলিটন শহরগুলোর শিক্ষা ব্যবস্থায় নতুন গতি আনতে আমরা অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ের কথা ভাবছি। এ লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে প্রয়োজনীয় আলোচনা শুরু হয়েছে। সার্বিক মতামতের ভিত্তিতে আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পর্যালোচনার পরই এ বিষয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।'
শিক্ষার মানোন্নয়ন ও বৈষম্য দূর করার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী জানান, এখন থেকে অভিন্ন মানদণ্ড বজায় রাখতে সারা দেশে একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হবে। পাশাপাশি উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। কোনো পরীক্ষকের গাফিলতি বা অনিয়ম ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষার প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিতে মনিটরিং আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
বিগত সরকারের সমালোচনা করে ড. মিলন বলেন, 'ছাত্র, শিক্ষক বা অভিভাবক নয়, মূলত সদিচ্ছার অভাবেই বিগত সরকার শিক্ষা খাতকে অবহেলার পাত্র করে ধ্বংস করে দিয়েছে। এর দায় তৎকালীন মন্ত্রীসহ দায়িত্বরতদেরই নিতে হবে।' তিনি আরও বলেন, বর্তমান সরকার মানসম্মত শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এর অভাব-অনটন দূর করতে আগামী বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইউনুস আলী সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম।
সভা শেষে মন্ত্রী বরিশাল সিটি করপোরেশনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন।
