কুমিল্লায় কাগজে স্টেডিয়াম থাকলেও বাস্তবে নেই, উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মনিরুল হক চৌধুরী
কাগজে-কলমে অস্তিত্ব থাকলেও বাস্তবে কুমিল্লা দক্ষিণ মিনি স্টেডিয়ামের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী। জালিয়াতির মাধ্যমে স্টেডিয়ামের জমি রেকর্ড, অর্থ লুটপাট এবং ফাইল চুরির মতো গুরুতর অভিযোগ তুলে তিনি এটি উদ্ধারে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
আজ রোববার (৫ এপ্রিল) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে বাতিল নোটিশের ওপর আলোচনাকালে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী সংসদকে বলেন, '২০০৪ সালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সৃষ্টির পর সেখানে একটি মিনি স্টেডিয়াম তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘদিনের প্রচেষ্টার পর প্রশাসনিকভাবে এর নামকরণ ও বরাদ্দ নিশ্চিত করা হলেও বর্তমানে এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সাধ্যমতো চেষ্টা করেও কুমিল্লা জেলায় এই নামে কোনো স্টেডিয়াম খুঁজে পাইনি। অথচ সরকারি নথিতে বলা হচ্ছে স্টেডিয়াম সেখানে আছে।'
সংসদ সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, 'স্টেডিয়ামের জন্য কেনা জমি রেকর্ডে ইচ্ছামাফিক গাফলতি করা হয়েছে। শুধু তাই নয়, ক্রীড়া সামগ্রী আত্মসাৎ এবং বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থ লুটপাট করা হয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, কুমিল্লা দক্ষিণ উপজেলার নামে কেনা জমি ও বরাদ্দকৃত সম্পত্তির মূল ফাইলটিও দপ্তর থেকে উধাও করে দেওয়া হয়েছে।'
দীর্ঘদিন ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে মনিরুল হক চৌধুরী বলেন, 'বিষয়টি এখন আমার ইজ্জতের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি এই এলাকার প্রতিনিধি এবং ক্রীড়া অনুরাগী হিসেবে মানুষের কাছে জবাবদিহি করতে পারছি না। প্রধানমন্ত্রী সংসদে আছেন, আমি উনার কাছে অনুরোধ করছি—এই স্টেডিয়ামটি কোথায়, তা খুঁজে বের করে উদ্ধার করার প্রয়োজনীয় ব্যবস্থা নিন।'
