আগস্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
চলমান প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোলো আগামী আগস্টের শেষ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন করতে পারেন বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
বৃহস্পতিবার (১২ জুন) রূপপুরে পারমাণবিক জ্বালানি বিষয়ে আয়োজিত এক উচ্চপর্যায়ের কৌশলগত গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, 'বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইউনিট থেকে আগামী ডিসেম্বর থেকে ধীরে ধীরে জাতীয় গ্রিডে ১ হাজার থেকে ১ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে।'
তিনি আরও বলেন, 'সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগস্টের শেষ দিকে প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রটির বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করতে পারেন।'
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফকির মাহবুব আনাম বলেন, 'সবকিছু ঠিকঠাক থাকলে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে আগামী ডিসেম্বর মাস নাগাদ ১০০০ থেকে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালিত হবে।'
প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, '২০২৭ সালের এপ্রিল মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটের জ্বালানি বা ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হবে। ২০২৭ সালের ডিসেম্বরের শেষ নাগাদ পুরো প্রকল্পের কাজ সম্পন্ন হবে এবং এখান থেকে মোট ২২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাবে। তবে কেন্দ্রটি পরিচালনার জন্য নিজস্বভাবে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করবে।'
প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করে মন্ত্রী বলেন, 'রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে তৃতীয় প্রজন্মের (থার্ড জেনারেশন) অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত নিরাপদ। এই কেন্দ্রটি কোনো কার্বন নিঃসরণ ছাড়াই টানা ৬০ বছর বিদ্যুৎ উৎপাদন করবে এবং এর আয়ুষ্কাল আরও ২০ বছর বাড়ানো সম্ভব।'
লোডশেডিংমুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে এই বিদ্যুৎকেন্দ্রকে কেন্দ্র করে রূপপুর এলাকা একটি মেগাসিটিতে পরিণত হবে। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে লোডশেডিং চিরতরে দূর হয়ে যাবে।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে এই প্রকল্পের কাজ তদারকি করছেন এবং এ বিষয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক করেছেন।'
সরকারের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে মন্ত্রী বলেন, 'স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সরকারের মূলমন্ত্র।'
তিনি গণমাধ্যমকে সত্য সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকারকে ভুল সংশোধনে সহায়তা করার আহ্বান জানান এবং ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার অনুরোধ করেন।
সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, হাবিবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
