মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে বন্দরে জাহাজ: খালাস শুরু, কাল ভিড়বে জেটিতে
মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে আসা 'শান গ্যাং ফা জিয়ান' জাহাজ থেকে লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে।
গতকাল (৩ এপ্রিল) রাত পৌনে ১২টায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় এবং আজ শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে লাইটারিং শুরু হয়।
জাহাজটির স্থানীয় এজেন্ট 'প্রাইড শিপিং' জানিয়েছে, বহির্নোঙরে কিছু তেল খালাস করার পর জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশ) কমিয়ে আগামীকাল রোববার দুপুর নাগাদ পতেঙ্গা ডলফিন জেটিতে বার্থ (ভিড়ানো) করা হবে। সেখানে বাকি তেল খালাস করা হবে।
প্রাইড শিপিং এজেন্টের স্বত্বাধিকারী নজরুল ইসলাম আজ দুপুরে টিবিএসকে বলেন, 'জাহাজটি রাত ১০ টার দিকে কুতুবদিয়ায় এসে পৌঁছায়। সেখান থেকে পাইলটিং করে ১২ টার দিকে বহির্নোঙরে নিয়ে আসা হয়। ড্রাফট বেশি থাকায় জাহাজটি সরাসরি জেটিতে বার্থিং করা সম্ভব নয়। কিছু পণ্য খালাস করে ড্রাফট কমিয়ে এটিকে জেটিতে আনা হবে।'
তিনি আরও জানান, 'আজ সকাল ৯ টায় প্রথম লাইটার জাহাজ কার্গো খালাস শুরু করেছে। আরও একটি লাইটারে জাহাজ পণ্য খালাস করা হবে। আগামীকাল সকাল ৯ টায় পাইলট বুকিং দেয়া হয়েছে। আশা করছি দুপুর ১২টা নাগাদ জাহাজটিকে ডলফিন জেটিতে বার্থ করানো যাবে।'
জাহাজটির পরবর্তী সময়সূচি উল্লেখ করে তিনি বলেন, 'পণ্য খালাস করতে দুই দিন সময় লাগবে। আগামী ৭ এপ্রিল দুপুর ১২ টার দিকে জাহাজ সেইল করার কথা রয়েছে।'
এর আগে গত শুক্রবার ভোরে সিঙ্গাপুর থেকে ২৮ হাজার টন ডিজেল নিয়ে 'ইয়ান জিং হে' নামের আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছিল। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল দুপুরেই জাহাজটিকে ডলফিন জেটিতে বার্থ করানো হয় এবং বর্তমানে সেখান থেকে পণ্য খালাস কার্যক্রম চলমান রয়েছে।
