দুই সপ্তাহ বিরতির পর শুরু হলো সংসদের প্রথম অধিবেশনের পরবর্তী বৈঠক
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে প্রায় দুই সপ্তাহ বিরতির পর আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম। গত ১৫ মার্চ স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ঈদের ছুটির কারণে প্রথম অধিবেশনের মাত্র দুইটি বৈঠকের পর ২৯ মার্চ পর্যন্ত অধিবেশন মূলতবি ঘোষণা করেছিলেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজকের কার্যসূচিতে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং রাষ্ট্রপতির কার্যালয় সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব রয়েছে।
এছাড়া আজকের বৈঠকে জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহের নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।
এদিকে অধিবেশন শুরুর আগে রাজনৈতিক দলগুলো পৃথক সংসদীয় সভা করেছে। দুপুর দেড়টায় শুরু হয় সরকারি দলের সংসদীয় সভা, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করেন। এর আগে সকাল ১১টায় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একটি বৈঠকে মিলিত হন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, আজ রাত ৮টা ৩০ মিনিটে জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
