স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজ (৭৮) সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার (২৮ মার্চ) বাংলাদেশ সময় ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, "দিলারা হাফিজের মরদেহ আগামীকাল (২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বাদ জহুর সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে বনানী সামরিক বাহিনীর কবরস্থানে দাফন করা হবে।"
উল্লেখ্য, দিলারা হাফিজ দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
