ঈদুল ফিতর উপলক্ষে শুরু হলো 'গুলশান সোসাইটি চাঁদরাত- ২৬'
রাজধানীর গুলশানে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব 'গুলশান সোসাইটি চাঁদরাত ২০২৬'। গুলশান সোসাইটি ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব নগরবাসীর মধ্যে ইতোমধ্যে ঈদের বিশেষ আমেজ ছড়িয়ে দিয়েছে।
গত বুধবার সন্ধ্যায় গুলশান-২ লেক পার্কে উৎসবের সূচনা হলেও বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, চাঁদ দেখা সাপেক্ষে এই আয়োজন প্রতিদিন বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২০ মার্চ সাহ্রি পর্যন্ত চলবে।
ব্যাংক এশিয়ার প্রধান পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে আধুনিক নগরজীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া চাঁদরাতের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির আবহকে নতুন করে ফিরিয়ে আনা। পুরো আয়োজনটি গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
উৎসবে আগত দর্শনার্থীদের জন্য রয়েছে বৈচিত্র্যময় সব আয়োজন। ৩০টিরও বেশি স্বনামধন্য ব্র্যান্ড তাদের স্টল নিয়ে অংশগ্রহণ করছে, যেখানে প্রিমিয়াম লাইফস্টাইল পণ্য, হাতে তৈরি গয়না, ঘর সাজানোর সামগ্রী এবং দেশি-বিদেশি শিল্পকর্ম প্রদর্শিত ও বিক্রি করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়া পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর. কে. হোসেন, গুলশান সোসাইটির সহ-সভাপতি সৈয়দ আলমাস কবির, সাধারণ সম্পাদক সৈয়দ আহসান হাবিব এবং সাংস্কৃতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান মিসেস শ্রাবন্ধী দত্তসহ অন্যান্যরা।
উৎসবের সাংস্কৃতিক পরিমণ্ডলকে প্রাণবন্ত করে তুলতে প্রতিদিন থাকছে সুফি সংগীত, গজল ও কাওয়ালি পরিবেশনা। পাশাপাশি শিশুদের জন্য রাখা হয়েছে ঐতিহ্যবাহী পুতুলনাচ, যা পরিবারসহ আগত দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করছে।
আয়োজকরা আশা প্রকাশ করেছেন, উৎসবের দ্বিতীয় দিনে বৃষ্টির বাধা কাটিয়ে নতুন উদ্দীপনায় শুরু হওয়া এই আয়োজন নগরবাসীর ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলবে।
