৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
দেশের ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জেলাগুলো হলো— গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, কুষ্টিয়া ও নেত্রকোনা।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে কর্মরত উপসচিব মো. নূরুল করিম ভূঁইয়া। চাঁপাইনবাবগঞ্জে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পরিচালক হিসেবে কর্মরত আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
পঞ্চগড় জেলায় জেলা প্রশাসক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোসা. শুকরিয়া পারভীনকে। কুষ্টিয়ায় নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তৌহিদ বিন হাসান এবং নেত্রকোনায় জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার মুশফিকুর রহমানকে।
উল্লেখ্য, গত ১ মার্চ সরকার এই পাঁচ জেলার তৎকালীন জেলা প্রশাসকদের প্রত্যাহার করে নিয়েছিল। এর ১৩ দিন পর আজ এসব জেলায় নতুন কর্মকর্তাদের ডিসি হিসেবে পদায়ন করা হলো।
