ঈদের আগে দাম বেড়েছে মাছ-মুরগির, অস্বস্তিতে ক্রেতারা
আর সপ্তাহখানেক পরেই ঈদুল ফিতর। তবে ঈদ সামনে রেখে নিত্যপণ্যের বাজারে এখন স্বস্তি নেই। মাছ ও ব্রয়লার মুরগির দাম আবারও বেড়েছে, এতে অস্বস্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর নিউমার্কেট ও লালবাগ কাঁচাবাজারসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি ব্রয়লার মুরগি এখন ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে—যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ২০০ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি দাম বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা।
একইভাবে বেড়েছে সোনালি জাতের মুরগির দামও। বর্তমানে এ ধরনের মুরগি কিনতে কেজিপ্রতিতে গুনতে হচ্ছে প্রায় ৩৫০ টাকা—যা গত সপ্তাহে ছিল ৩২০ টাকা।
তবে গরুর মাংসের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে; কেজিপ্রতি ৮০০-৮২০ টাকায় বিক্রি হচ্ছে।
নিউমার্কেটে ব্রয়লার মুরগি কিনতে আসা ক্রেতা শাহীন বলেন, "মাছ আর গরুর মাংসের দাম তো অনেক আগেই আমাদের সাধ্যের বাইরে চলে গেছে। এখন যদি মুরগির দামও এভাবে বাড়তে থাকে, তাহলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে।"
মাছের বাজারে দেখা গেছে, প্রতি কেজি পাঙাশ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২২০ টাকায়, তেলাপিয়া ২৩০ টাকা, রুই ৩৫০ থেকে ৪০০ টাকা এবং মৃগেল ৩০০ থেকে ৩২০ টাকায়। অন্যদিকে ঈদকে ঘিরে চাহিদা থাকায় চিংড়ির দাম সবচেয়ে বেশি; আকার ও জাতভেদে প্রতিকেজি কিনতে খরচ করতে হচ্ছে ৫৫০ থেকে ৯০০ টাকা।
নিউমার্কেটের মাছ ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, "সামনে ঈদ, রোজাও প্রায় শেষের দিকে। মাছের দাম মোটামুটি আগের মতোই আছে। সাধারণত বাজারে মাছে ২০ থেকে ৩০ টাকা ওঠানামা করেই।"
এদিকে অনেকদিন ধরে ফার্মের মুরগির ডিমের দাম কমতির দিকে থাকলেও এখন কিছুটা বেড়েছে। বর্তমানে এক ডজন ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। অর্থাৎ প্রতি ডজনে দাম বেড়েছে প্রায় ১০ টাকা।
রমজান শেষের দিকে হওয়ায় বাজারে ছোলা ও ডালের দাম কিছুটা কমেছে। বর্তমানে এসব পণ্য কেজিপ্রতি প্রায় ১০ টাকা কমে বিক্রি হচ্ছে। চিনির দামও আগের মতোই রয়েছে; কেজিপ্রতি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে।
কিছুদিন আগে বাজারে ভোজ্যতেলের সরবরাহে ঘাটতি থাকলেও এখন সরবরাহ কিছুটা বেড়েছে। তবে সংকট পুরোপুরি কাটেনি বলে জানিয়েছেন ক্রেতারা। অনেক সময় এক দোকানে না পেলেও অন্য দোকান ঘুরে তেল পাওয়া যাচ্ছে। বর্তমানে প্রতি লিটার বোতলজাত তেল বিক্রি হচ্ছে ১৯৫ টাকায়।
এদিকে, সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। কমেছে বেশ কয়েকটি সবজির দাম। বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকায়—যা গত সপ্তাহের তুলনায় ২০ টাকা কম। মূলত করলা ছাড়া বেশিরভাগ সবজি ৬০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
এদিকে বাজারে আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৫ থেকে ২০ টাকায় এবং পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
