অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে: শিরীন হক
অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়নি, নারীদেরই সাহস তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভীন হক।
তিনি বলেন, 'অধিকার ও ন্যায়বিচার অর্জনের লড়াই এখনও শেষ হয়নি; এ লড়াইয়ে নারীদেরই সংগঠিত হয়ে সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে।'
আজ রবিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছায়ানট মিলনায়তনে বাদাবন সংঘের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এসময় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে আরও নারীবান্ধব করার আহ্বান জানান তিনি।
শিরীন হক বলেন, 'লড়াইটা শেষ হয়নি। এই লড়াই আমাদেরকেই চালিয়ে যেতে হবে। রাষ্ট্র বা অন্য কারো ওপর ভরসা করে বসে থাকলে হবে না—নারীদেরই সাহস তৈরি করতে হবে, সংগঠিত হতে হবে এবং অধিকার আদায়ের জন্য এগিয়ে যেতে হবে।'
তিনি বলেন, 'নারীর অধিকার শুধু আইনে থাকলেই যথেষ্ট নয়; সমাজে নারীদের মধ্যে অধিকারবোধ তৈরি হওয়া জরুরি। অনেক সময় বিভিন্ন ধরনের হয়রানি বা সহিংসতাকে সমাজে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার কারণে ন্যায়বিচার অর্জন কঠিন হয়ে পড়ে।'
শিরীন হক আরও বলেন, অধিকার শুধু সংবিধান বা আইনের বিষয় নয়, এটি আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের সঙ্গেও জড়িত। নারীদের মধ্যে অধিকারবোধ তৈরি না হলে অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়।'
তিনি বলেন, 'নারীরা যেন দিন বা রাত, যে কোনো সময় নিরাপদে চলাফেরা করতে পারে, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তবে এ জন্য সামাজিক মানসিকতার পরিবর্তনও জরুরি।'
শিরীন হক বলেন, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে, যা নারীর অগ্রগতির পথে বড় বাধা তৈরি করছে। এই বাধা দূর করতে সমন্বিত ও সংগঠিত উদ্যোগের প্রয়োজন।'
এসময় বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান বলেন, 'অনলাইনে নারীরা নানা ধরনের হয়রানি ও ট্রলের শিকার হচ্ছেন। অনেক নারী তাই মতপ্রকাশে নিজেকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হন। তাই ডিজিটাল স্পেসকে নিরাপদ ও সমান সুযোগের জায়গা হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি।'
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা বলেন, 'সাইবার বুলিং, সেক্সটরশন ও রিভেঞ্জ পর্নোগ্রাফি নারীদের জন্য বড় ঝুঁকি। নতুন আইন ইতিবাচক পদক্ষেপ, তবে বাস্তবে ভুক্তভোগীরা সহজে প্রতিকার পেতে পারা নিশ্চিত করতে হবে।'
এএলআরডি-এর উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি বলেন, 'ডিজিটাল প্ল্যাটফর্ম নারীদের জন্য শুধু যোগাযোগ নয়, বরং জীবিকা ও বিপণনের গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠেছে। তবে হয়রানি ও বৈষম্যের কারণে অনেক নারী পিছিয়ে যাচ্ছেন। তাই নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ভূমি ও সম্পত্তিতে অধিকার নিশ্চিত করা এবং ডিজিটাল ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি। এতে নারীরা সমান মর্যাদা নিয়ে সমাজ ও অর্থনীতিতে অংশ নিতে পারবেন।'
এসময় অনুষ্ঠানে মানবাধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, অংশীজনেরাও তাদের মতামত প্রকাশ করেন এবং অংশগ্রহণ করেন।
