ভোট গণনা, ফলাফল ও প্রকাশ সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে: গোলাম পরওয়ার
ভোটগ্রহণ সুষ্ঠু হলেও গণনা, ফলাফল ও প্রকাশের প্রতিটি ধাপে 'ইঞ্জিনিয়ারিং' করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী।
সমাবেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, "সুষ্ঠুভাবে ভোটগ্রহণের পর আমরা তৎকালীন সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু এর পর সব পর্বেই ইঞ্জিনিয়ারিং হয়েছে। ভোট গণনা, ফলাফল ও প্রকাশ—সব স্থানেই ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। আমরা আশা করেছিলাম জনগণের ভোটে ১৬০টি আসন পাব। কিন্তু আপনারা প্ল্যান করে সেটা ১০০-এর নিচে থামিয়ে দিয়েছিলেন। ভোট গণনায় মেকানিজম ও টেম্পারিং করা হয়েছে।"
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কড়া সমালোচনা করে তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারে থেকে বিএনপিকে সার্ভিসের উপহার হিসেবে মন্ত্রিত্ব পেয়েছেন সাবেক উপদেষ্টা খলিলুর রহমান। ওই সময় আপনি এই চেষ্টা করছেন বলেই আজ পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়েছেন। আপনার সার্ভিসে সরকার এতই সন্তুষ্ট হয়েছে। এর আগে কোনো নির্দলীয় সরকারের ক্ষেত্রে আমরা এমন নজির দেখিনি। এই মহব্বতের মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে।"
নির্বাচনী ফলাফলের বিষয়ে তিনি আরও বলেন, "জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ারিং ইলেকশনের ফলাফল অনেক কষ্টে মেনে নিয়েছে, কারণ আমরা দেশ পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে চাই। যারা সরকারকে ক্ষমতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে থেকেও চেষ্টা করেছেন, তারা বিবেকের দংশনে নিশ্চয়ই দংশিত হবেন।"
বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, "ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের সামনে আনা হোক। বিচার বিভাগকে বলবো, আপনারা এর সুষ্ঠু তদন্ত করুন।"
এ সময় দলের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিয়ে তিনি বলেন, "কিছু মিডিয়া ও টক শো ব্যক্তিত্ব জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালায়। তারা বলে জামায়াত 'রগ কাটা' দল। অথচ এসবের কোনো প্রমাণ বাংলাদেশে নেই। কোনো অপপ্রচার জামায়াতে ইসলামীকে ঠেকাতে পারেনি।"
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, "একটি নির্বাচিত সরকারের কাজ হলো নির্বাচিত জনপ্রতিনিধিদের দিয়ে দেশ চালানো। শুরু থেকেই আপনি সেই গণতন্ত্রের পথে হাঁটতে পারলেন না। সবখানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে। একটু সংযত হোন। ৫ আগস্ট আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে। প্রশাসনিক পরিবর্তন করতেই পারেন, কিন্তু জুলাই সনদকে আপনারা এড়িয়ে যাচ্ছেন। আমরা সব অন্যায়ের প্রতিবাদ করবো এবং ন্যায়ের পক্ষে থাকবো।"
বিক্ষোভ সমাবেশে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
