জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ‘ধসে পড়েছে’; সরবরাহ সংকটে পেট্রোল পাম্প বন্ধের হুঁশিয়ারি মালিকদের
দেশের জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা 'পুরোপুরি ভেঙে পড়েছে' বলে দাবি করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি। অস্বাভাবিক চাহিদা ও ডিলারদের সরবরাহ–সংকটের কথা উল্লেখ করে তারা হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতি সামলাতে না পেরে অনেক পাম্প বন্ধ করে দেওয়া হতে পারে।
দেশে জ্বালানি তেলের বর্তমান সরবরাহ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সম্প্রতি এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
সমিতির সভাপতি সাজ্জাদ করিম কাবুল বলেন, অনেক পাম্পে মজুতের তুলনায় জ্বালানি তেলের চাহিদা প্রায় ১০০ গুণ বেড়ে গেছে। এতে পাম্পের মালিক ও কর্মীদের ওপর প্রচণ্ড চাপ পড়ছে।
তিনি বলেন, 'গ্রাহকদের এই তীব্র চাপ এবং কর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পাম্প বন্ধ রাখা ছাড়া মালিকদের সামনে আর কোনো বিকল্প থাকছে না।'
সাজ্জাদ করিম জানান, নানা সীমাবদ্ধতার কারণে রাষ্ট্রায়ত্ত তিন জ্বালানি বিপণন কোম্পানি—পদ্মা, মেঘনা ও যমুনা তাদের ডিলারদের স্বাভাবিক চাহিদার চেয়ে বেশি তেল সরবরাহ করতে পারছে না।
সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, গ্রাহকদের 'অনিয়ন্ত্রিত চাহিদা' মেটাতে না পারা এবং নিরাপত্তাহীনতার কারণে ইতিমধ্যে অনেক পাম্পমালিক তেল বিক্রি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
পাম্পমালিকেরা মনে করেন, এই পরিস্থিতি নতুন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে এই সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে পেট্রোল পাম্প মালিক সমিতি।
