খিলগাঁওয়ে স্বর্ণের দোকান থেকে ২৫০ ভরি অলঙ্কার চুরি
রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকান থেকে ২৫০ ভরি সোনা-রূপার অলঙ্কার চুরির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে স্বর্ণের অলঙ্কার ১০০ ভরি এবং রূপার অলঙ্কার ১৫০ ভরি।
বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খিলগাঁওয়ের গোড়ান টেম্পু স্ট্যান্ডে একটি বাড়ির নিচে থাকা 'আশেকে রাসূল জুয়েলার্স' নামের একটি জুয়েলারি দোকানে এই চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম।
তিনি বলেন, বুধবার রাতে গোড়ান টেম্পু স্ট্যান্ডে একটি বাড়ির নিচে থাকা ওই জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে বলে মালিকপক্ষ মৌখিকভাবে আমাদের জানিয়েছে।
ওসি বলেন, তাদের অভিযোগ রাত ১১টায় তারা দোকান বন্ধ করে বাসায় চলে যান এবং সকাল ৯টায় এসে দেখে দোকানে চুরি হয়েছে। ধারণা করা হচ্ছে রাতে দোকান বন্ধ থাকার সময়ে চুরি হয়েছে। তাদের দাবি, দোকান থেকে ১০০ ভরি স্বর্ণের অলঙ্কার ও ১৫০ ভরি রূপার অলঙ্কার চুরি হয়েছে।
তিনি আরও বলেন, এই বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
