সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট জব্দের নির্দেশ
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও আপার্টমেন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।
এসব সম্পদের মূল্য ২৭ কোটি ১৮ লাখ ৫২ হাজার ৮৭২ ব্রিটিশ পাউন্ড।
দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার সহযোগী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানের লক্ষ্যে দুদক, সিআইডি ও এনবিআরের সমন্বয়ে মোট ৯ সদস্যবিশিষ্ট একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে।
গত বছরের ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ফকিরা মসজিদ সংলগ্ন তালুকদার বাড়ি এলাকায় অবস্থিত অভিযুক্তের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের প্রতিবেশী ওসমান তালুকদারের বাসা থেকে ২৩ বস্তা বিভিন্ন ধরনের নথিপত্র উদ্ধার করা হয়।
উদ্ধার তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে সাইফুজ্জামান চৌধুরী এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিভিন্ন দেশে অর্জিত সম্পত্তির একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে যুক্তরাজ্যে (ইউকে) অবস্থিত সম্পত্তিসমূহও রয়েছে।
অনুসন্ধান কার্যক্রম চলাকালে গোপন সূত্রে জানা যায়, সাইফুজ্জামান চৌধুরী তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্থাবর সম্পত্তিসমূহ তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর বা অন্য কোনো উপায়ে নিষ্পত্তির চেষ্টা করছেন। উল্লিখিত স্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা অন্য কোনোভাবে বেহাত করা হলে রাষ্ট্রের উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
এজন্য এসব সম্পত্তিসমূহ অবিলম্বে ক্রোক [জব্দ] করা এবং প্রমাণ সংগ্রহের স্বার্থে এমএলএআর-এর মাধ্যমে সংশ্লিষ্ট দেশে জব্দের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।
