আ.লীগ নেতাকে জামিন দেওয়ায় বিএনপিপন্থি আইনজীবীদের আদালত বর্জন
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো. ইউনুসকে জামিন দেওয়ায় আদালত বর্জন করে বিচারকের অপসারণ দাবি করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে তাঁরা আদালত বর্জন কর্মসূচি পালন করেন।
আদালত বর্জন করে আইনজীবীরা আদালত চত্বরে বিক্ষোভ করেন। বিক্ষোভ পূর্ববর্তী দেওয়া বক্তব্যে বিএনপি নেতা ও বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, যেখানে বিস্ফোরক মামলার আসামিদের জেলা জজ আদালতে গিয়ে জামিন নিতে হচ্ছে, সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মামলায় জড়িত আ. লীগ নেতারা নিম্ন আদালত থেকেই জামিন পাচ্ছেন। গতকাল তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে এসে হাজির হতেই তাকে জামিন দিয়ে দেন বিচারক। আমরা মনে করি, বিচারক একপাক্ষিক আচরণ করছেন।
এসময় আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এস এম সাদিকুর রহমান লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা মো. রিয়াজ হোসেনসহ সমিতির অন্যান্য নেতারা। সংশ্লিষ্ট আদালতের বিচারকের অপসারণ ও তালুকদার ইউনুসের জামিন বাতিলের দাবি তোলেন তাঁরা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজিম উদ্দিন পান্না বলেন, "মামলার ৩ নম্বর আসামি হলেন তালুকদার মো. ইউনুস। আমরা জামিনের বিরোধিতাও করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত আসামির জামিন দিয়েছেন। বিষয়টি আমার কাছে পক্ষপাতমূলক মনে হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।"
উল্লেখ্য, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী লেনে হামলার অভিযোগে ২০২৪ সালে বিএনপি কর্মী মো সরোয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল মহানগর সভাপতি সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসসহ ২১০ জনকে আসামী করা হয়। ওই মামলায় গতকাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তালুকদার মো. ইউনুসের জামিন মঞ্জুর করেন।
এর আগে (১৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন।
