সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে, সেবা প্রদানে হয়রানি করা যাবে না: পানি সম্পদ মন্ত্রী এ্যানি
পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারি কর্মচারীদের জনগণের সেবক হতে হবে। জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না। এ সরকার জনগণের নির্বাচিত সরকার, বর্তমান সরকারের ওপর জনগণের প্রত্যাশা বেশি।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর সার্কিট হাউজে জেলার সরকারি কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, 'জনগণের প্রত্যাশা পূরণে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সরকারি কর্মচারীদের জনগণের কল্যাণ ও দেশের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে হবে।'
দাপ্তরিক স্বচ্ছতা ও জনসেবা নিশ্চিত করতে তিনি বলেন, 'সরকারি সকল দপ্তরের টেন্ডার যথাযথ নিয়মানুযায়ী হবে, কাউকেই কোনো ধরনের বিশেষ সুবিধা দেওয়ার প্রয়োজন নেই। গ্রামের লোকেরা চিকিৎসা সেবায় অবহেলিত, তাদের স্বাস্থ্য সেবার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করবে।'
একইসাথে আইন-শৃঙ্খলা উন্নয়নে কাউকেই ছাড় না দিতে পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, দীর্ঘদিনের বঞ্চিত অবহেলিত লক্ষ্মীপুরের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ নেওয়া হবে। জলাবদ্ধতা লক্ষ্মীপুরের দীর্ঘদিনের সমস্যা; জলাবদ্ধতা দূরীকরণে ভুলুয়া নদী এবং রহমতখালী খাল পুনঃখনন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান খাল-জলাশয়-পুকুর খননে ইতোমধ্যে ১৮০ দিনের কর্মসূচি দিয়েছেন। শীঘ্রই সারা দেশে খাল খনন-পুনঃখনন শুরু হবে।'
মতবিনিময় সভায় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আবু তারেক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিনসহ জেলায় কর্মরত বিভিন্ন দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
