দুদকের মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তার
জ্ঞাত আয়বহির্ভূতসম্পদ অর্জনের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে তদন্ত কর্মকর্তা ও উপসহকারী পরিচালক জাকির হোসেন তাকে এই মামলায় দেখানোর আবেদন করেন।
আবেদনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। তারা পারস্পরিক যোগসাজসে ক্ষমতার অপব্যবহার করে তাদের নামের ব্যাংক হিসাবে সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।
প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় মামলা হয়েছে। জেল হাজতে থাকা আসামি নুরুজ্জামানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো একান্ত প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে তার ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।
