ব্রাহ্মণবাড়িয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে মা-ছেলের মৃত্যু, আহত ৩
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের চাপায় প্রাইভেটকার আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে। আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের হাসিনা বেগম (৬৫) ও তার ছেলে আমজাদ হোসেন (৪৮)। আহতরা হলেন—নিহত আমজাদ হোসেনের দুই ছেলে চাঁদ (১২) ও হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)। তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহতরা পরিবারের সদস্যদের নিয়ে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে প্রাইভেটকারযোগে সিলেট যাচ্ছিলেন। পথিমধ্যে সরাইলের শাহবাজপুর প্রথম গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী বাস তাদের প্রাইভেটকারটিকে চাপা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সরাইলের খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সিলেট থেকে আসা ময়মনসিংহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা প্রাইভেটকারকে চাপা দেয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
