প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপাচার্য শিল্পী অধ্যাপক আলপ্তগীন তুষারের আঁকা একটি প্রতিকৃতি (পোট্রেট) প্রধান উপদেষ্টাকে উপহার হিসেবে প্রদান করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়মিত অবহিতকরণের অংশ হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিদায়কালে উপাচার্য এই সাক্ষাৎ করেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সাক্ষাৎকালে উপাচার্য গত দেড় বছরের দায়িত্ব পালনকালে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের অগ্রগতি এবং শিক্ষার্থীদের কল্যাণে সাম্প্রতিক সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে বিস্তারিত অবহিত করেন। সাক্ষাৎকালে তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত একটি 'সালতামামি' প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয়ের স্মরণকালের বৃহৎ উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প গ্রহণে আন্তরিক সহযোগিতা প্রদান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষ মমত্ববোধ এবং শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমসহ সকল ক্ষেত্রে নিরবচ্ছিন্ন সমর্থন প্রদানের জন্য উপাচার্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান। সাক্ষাৎ শেষে উপাচার্য প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
