নোয়াখালীর ৫ আসনে বিএনপি, ১টিতে এনসিপির হান্নান মাসউদের জয়
নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের ৫টিতে 'ধানের শীষ' এবং একটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) 'শাপলা কলি' প্রতীক জয়ী হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে নোয়াখালীর রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম নোয়াখালী জেলার সবগুলো আসনের ফলাফল ঘোষণা করেন।
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে 'ধানের শীষ' প্রতীকে মাহাবুব উদ্দিন খোকন এক লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের (দাঁড়িপাল্লা) মো. ছাইফ উল্যাহ পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।
নোয়াখালী-২ (সেনবাগ, সোনাইমুড়ী) আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুক 'ধানের শীষ' প্রতীকে ৮৩ হাজার ৯৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া 'শাপলা' কলি প্রতীকে পেয়েছেন ৬৭ হাজার ০৫৪ ভোট।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী বরকত উল্লাহ বুলু। তিনি পেয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯৩৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. বোরহান উদ্দিন 'দাঁড়িপাল্লা' প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৮২৪ ভোট।
নোয়াখালী-৪ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান 'ধানের শীষ' প্রতীক নিয়ে ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামির নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় শুরা সদস্য ইসহাক খন্দকার 'দাঁড়িপাল্লা' প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট পেয়েছেন।
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও আংশিক সদর) আসনে 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী মুহাম্মদ ফখরুল ইসলাম ২৭ হাজার ৩৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ৪৭ হাজার ৮০৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের বেলায়েত হোসেন পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৪৫৩ ভোট।
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী 'ধানের শীষ' প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 'শাপলা কলি' প্রতীকে হান্নান মাসউদ ৯০ হাজার ১১৮ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেছেন। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম পেয়েছেন ৬৩ হাজার ৩৭২ ভোট।
