উৎসবের আমেজে কুষ্টিয়ার চারটি আসনে ভোটগ্রহণ সম্পন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
ভোট শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষ, তরুণ-তরুণী ও প্রবীণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। অনেক কেন্দ্রেই ভোট দিতে আসা মানুষের দীর্ঘ সারি দেখা যায়, যা পুরো জেলায় নির্বাচনি উৎসবের আবহ তৈরি করে।
সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি।
আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ছিল বাড়তি নিরাপত্তা ও নজরদারি। প্রশাসন সূত্র জানায়, ভোটগ্রহণ চলাকালে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা), কুষ্টিয়া-৩ (সদর) এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
সুষ্ঠু পরিবেশ নিয়ে সাধারণ ভোটাররা সন্তোষ প্রকাশ করেছেন। সদর উপজেলার এক নারী ভোটার বলেন, "সকালে এসে নির্বিঘ্নে ভোট দিতে পেরেছি। পরিবেশ ভালো ছিল।" খোকসা উপজেলার এক তরুণ ভোটার জানান, "সুষ্ঠু নির্বাচনই আমাদের প্রত্যাশা। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভালো লেগেছে।"
জেলা নির্বাচন কর্মকর্তা জানান, "সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে এবং পর্যায়ক্রমে ফলাফল ঘোষণা করা হবে।"
