সুষ্ঠু পরিবেশ দেখে শেষ মুহূর্তে ভোট দিতে কেন্দ্রে তরুণী
ঢাকা-১২ আসনের তেজগাঁও কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে কেন্দ্রে এসে ভোট দিলেন এক তরুণী। বিকেল ৪টা ২৮ মিনিটে তিনি কেন্দ্রে প্রবেশ করেন। তখন দায়িত্বরত কর্মকর্তারা ভোটগ্রহণ কার্যক্রম শেষ করার প্রস্তুতি নিচ্ছিলেন। নির্ধারিত সময় বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ বন্ধ হওয়ার কথা ছিল।
ভোটকেন্দ্রে আসার পর কর্তৃপক্ষ তাঁকে ব্যালট পেপার প্রদান করলে তিনি ভোট দেন। তিনিই ছিলেন ওই বুথের শেষ ভোটার। ভোট শেষে কেন্দ্রের ভেতরে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
নিজের নাম সুধা গ্রেস জানিয়ে তিনি বলেন, "গত নির্বাচনে ভোট দিইনি। এবারই প্রথম ভোট দিলাম।" কথা বলার সময় তার মা পাশের বুথ থেকে ভোট দিয়ে বের হয়ে আসেন।
এত দেরীতে ভোট দিতে আসার কারণ জানতে চাইলে সুধা বলেন, "আগে আমাদের বাসা এই কেন্দ্রের কাছেই ছিল। পরে আমরা মিরপুর-১১'তে চলে যাই। সারাদিন টেলিভিশনে কেন্দ্রগুলোর পরিস্থিতি দেখছিলাম। যখন দেখলাম শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন, তখনই ভোট দিতে চলে আসি।"
নতুন সরকারের কাছে প্রত্যাশা সম্পর্কে তিনি বলেন, "আমি একজন নারী। চাই একটি নিরাপদ পরিবেশ, যেখানে নিরাপদে চলাফেরা করতে পারব। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে বিদেশে যাব কি না—সেটি নিয়ে যেন দ্বিধায় থাকতে না হয়।"
নির্বাচিত সরকারের কাছে প্রত্যাশার বিষয়ে তাঁর মা বলেন, "কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ চাই। এ দেশের নাগরিক হিসেবে সমান অধিকার চাই। ধর্ম বা পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য যেন না থাকে।"
সুধা গ্রেস বলেন, "রাতে বাইরে বের হলে যেন নিরাপত্তা নিয়ে ভাবতে না হয়। আশা করি, নতুন সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে।"
