চট্টগ্রামে ভোটগ্রহণ শেষে চলছে গণনা
চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এখন কেন্দ্রগুলোতে ভোট গণনা চলছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, এদিন বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিসাইডিং কর্মকর্তাদের তত্ত্বাবধানে ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট পেপার গণনার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
চট্টগ্রামের ১৬টি আসনে এবার মোট ১১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনগুলোতে মোট ভোটার ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। ভোটারদের মধ্যে ৩৪ লাখ ৮৩ হাজারের বেশি পুরুষ এবং ৩১ লাখ ৯৮ হাজারের বেশি নারী।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ ৬৮ হাজার বেশি।
