বিকেলে ভোটার উপস্থিতির হার কম রাজধানীর বিভিন্ন কেন্দ্রে, মোহাম্মদপুরে ভিন্ন চিত্র
রাজধানীর বেশকিছু এলাকা ঘুরে বিকেলে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দখা গেছে। বিকেলে অন্তত চারটি কেন্দ্র ঘুরে এমনটা দেখতে পান টিবিএসের প্রতিবেদক।
বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত উদয়ন স্কুল কেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা মেলেনি।
বিকেল পৌনে ৪টার দিকে আজিমপুরে ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে অল্পকিছু ভোটারকে উপরতলায় উঠতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন নারী ভোটার নাম না প্রকাশের শর্তে বলেন, সকালে অনেক মানুষের ভিড় বেশি ছিল, তাই বিকেলে ভোট দিতে এসেছি।
বিকেল ৪টায় ঢাকা কলেজ কেন্দ্রে গিয়েও একই অবস্থা প্রত্যক্ষ করা গেছে। সেখানেও অল্প কিছু ভোটারের দেখা মেলে।
ভোটকেন্দ্রের পোলিং অফিসার টিবিএসকে জানান, বিকেল ৪টা পর্যন্তও ঢাকা কলেজ কেন্দ্রে ৪০ শতাংশের বেশি ভোট পড়েনি। তবে এর বিপরীত চিত্র দেখা যায় মোহাম্মদপুরে, যেখানে এমনকী বিকেল ৪টার পরেও ভোট দেওয়ার জন্য দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায় ভোটারদের।
