যাকে উপযুক্ত মনে করেন তাকেই ভোট দিন; নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন: তারেক রহমান
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীরা যাতে যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেন, সেই নিশ্চয়তাও তিনি দিয়েছেন।
আজ (১২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের প্রতি এই আহ্বান জানান।
পোস্টে তারেক রহমান বলেন, 'উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করার অনুরোধ জানাচ্ছি। যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দিন। নিজের পছন্দ অনুযায়ী ভোট দিন, নিজের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করুন।'
ভোটারদের ভোটকেন্দ্রে আসার অনুরোধ জানিয়ে তিনি বলেন, 'আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরাই আপনাদের দায়িত্ব নেবেন এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ। ধানের শীষের বিজয়ী প্রতিটি প্রার্থী যেন সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করার দায়িত্ব আমি নেব।'
বিএনপি চেয়ারম্যান আরও বলেন, 'জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত। আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।'
