রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন
রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রের সামনেই দেখা গেছে ভোটারদের লম্বা লাইন।
রাজশাহী সদর আসনের শাহ মখদুম কলেজ ও রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটাররা সকাল থেকেই লাইনে দাঁড়িয়েছেন, ভোটাররা উৎসবের মেজাজে কেন্দ্রে আসছেন। সকাল সাড়ে ৭টা থেকে এসব কেন্দ্রে ভোট প্রদান শুরু হয়।
রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু সকাল ৮টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে নিজের ভোট দেন। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকে বলেন, 'ভোটের পরিবেশ শান্তিপূর্ণ। জয়ের ব্যাপারে আশাবাদী।'
এদিকে, রাজশাহী সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, তিনিও জয়ের ব্যাপারে আশাবাদী।
প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপচেপড়া ভিড় রয়েছে। তবে ভোট গ্রহণে কিছুটা ধীরগতি লক্ষ্য করা গেছে।
রাজশাহী জেলার মোট ছয়টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে। জেলার ৭৭৮টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
