সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালালেন জামায়াত নেতা
সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনের কামারখন্দ উপজেলায় ভোটারকে টাকা দিতে গিয়ে সাধারণ মানুষের ধাওয়া খেয়ে দৌড়ে পালিয়েছেন এক জামায়াত নেতা। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঝাঐল ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মোস্তাক সরকার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির।
এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, জামায়াত নেতা মোস্তাক সরকার একজনকে টাকা দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিছু লোক সেখানে উপস্থিত হয়ে ভিডিও করতে শুরু করলে তিনি দ্রুত দৌড়ে পালাতে থাকেন। স্থানীয় জনতাও বেশ কিছুদূর তার পিছু ধাওয়া করে, তবে শেষ পর্যন্ত তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার বিষয়ে সিরাজগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, 'ভোটের আগে কেন্দ্র খরচসহ নেতাকর্মীদের অন্যান্য টাকা দিতে হয়। ওই টাকা তো কেন্দ্র খরচের টাকাও হতে পারে। ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন। ভোট কেনার তথ্য সত্য নয়।'
অন্যদিকে, সিরাজগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, 'কামারখন্দ উপজেলায় টাকা দিয়ে ভোট কিনতে গিয়ে জামায়াত নেতার দৌড় দিয়ে পালানোর ভিডিওটি দেখেছি। শুধু কামারখন্দ উপজেলায় নয়, তারা বিভিন্ন স্থানে একই ধরনের কাজ করছে বলে সংবাদ পাচ্ছি। এ ছাড়া তারা সাধারণ ভোটারদের কেন্দ্রে যেতে ভয়ভীতি দেখাচ্ছে বলেও তথ্য পাওয়া যাচ্ছে।' এ বিষয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের নিকট জোর দাবি জানান।
