ভোটের রেজাল্ট হাতে না নিয়ে কেউ ফিরবেন না; ভোটারদের উদ্দেশে জামায়াত আমির
আসন্ন জাতীয় নির্বাচনের আগের দিন ভোটারদের সর্বোচ্চ সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ভোট দেওয়ার পরেই দায়িত্ব শেষ নয়। ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না।
তিনি বলেন, "যারা পরাজয়ের ভয়ে ভীতসন্ত্রস্ত; তারা ভয়ভীতি, আতঙ্ক সৃষ্টির জন্য মিথ্যা অপবাদ ছড়াতে পারে। সবকিছুকে জয় করেই আপনারা (ভোটাররা) সেদিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং ভোটের রেজাল্ট হাতে না নিয়ে আপনারা কেউ ফিরবেন না। কারণ আপনি ভোট দেওয়ার পরেও আপনার ভোট নয়-ছয় হয়ে যেতে পারে।'
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষনেতাদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।
জামায়াত আমির বলেন, 'পরপর চারটি নির্বাচনে জনগণ তাদের মতামত প্রতিফলিত করার সুযোগ পায়নি। এবারের নির্বাচনে সেই পরিস্থিতি বদলাতে পারে বলে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে।'
তিনি বলেন, 'গ্রামমুখী ভোটারদের ঢল, ঈদের মতো আনন্দ—সবমিলিয়ে মানুষ এবার তাদের মনের মতো সরকার দেখতে চায়।'
জামায়াত আমির বলেন, 'একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন ও প্রশাসনকে সব ধরনের সহায়তা করতে তাদের ১১ দলীয় জোট সম্পূর্ণ প্রস্তুত।'
তিনি বলেন, গণভোটে 'হ্যা' বিজয়ী হলে অতীতের নির্যাতন-নিপীড়নের অবসান ঘটবে এবং আবরার ফাহাদ থেকে শুরু করে জুলাই বিপ্লবের সকল শহীদের হত্যার ন্যায়বিচার নিশ্চিত হবে। ১৪০০ শহীদ জীবন দিয়ে জাতিকে নতুন জীবন দিয়েছে, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
নির্বাচন কমিশন, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, 'নিরপেক্ষ ও ন্যায়নিষ্ঠভাবে দায়িত্ব পালন করলে জনগণের ভালোবাসা ও স্বীকৃতি পাওয়া যাবে।'
অতীতের মতো কোনো পক্ষপাতমূলক ভূমিকা জনগণ আর দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশাপ্রকাশ করে বলেন, 'সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার গঠিত হবে, সে সরকার হবে নতুন বাংলাদেশের সরকার। এ সরকার হবে জনআকাঙ্ক্ষার সরকার। এই সরকার হবে কৃষক-শ্রমিক-মেহনতি জনতা সহ মুটে-মজুর সবার সরকার, সব শ্রেণী-পেশার মানুষের সরকার, নারী-পুরুষের সরকার, শিশু-আবাল-বৃদ্ধ-বনিতার সরকার।'
জামায়াত আমির বলেন, 'এই সরকার কোনো দলের হবে না, এই সরকার কোনো গোষ্ঠীর হবে না, এই সরকার কোনো পরিবারের হবে না। এই সরকার হবে জনগণের সরকার।'
নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, 'যখন জনগণ বলবে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আমরা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। আমরা বিজয়ী হই অথবা আমরা বিরোধী দলে বসি, এটা কোনো বিষয় না। আমরা আমাদের জনগণের ওপর গভীর আস্থাশীল এবং আমরা বিশ্বাস করি জনগণ সঠিক রায়টাই দেবে।'
সংবাদ সম্মেলন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
