নির্বাচনে ৮,৭৭০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ; থাকবে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ হাজার ৭৭০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি আশ্বস্ত করেছেন যে, এসব কেন্দ্রে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে 'জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি' নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আইজিপি এসব তথ্য জানান।
আইজিপি বলেন, 'সারা দেশে মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮ হাজার ৭৭০টি ঝুঁকিপূর্ণ। ১৬ হাজার কেন্দ্রকে মধ্যম ঝুঁকিপূর্ণ এবং বাকি কেন্দ্রগুলোকে সাধারণ হিসেবে ধরা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও মধ্যম ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি থাকবে।'
আসন্ন নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে নিরাপদ নির্বাচন হিসেবে আয়োজন করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানান আইজিপি। তিনি জানান, নির্বাচনে সারা দেশে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য, প্রায় ৬ লাখ আনসার, বিজিবি এবং ১ লাখ সেনা সদস্য মোতায়েন থাকবে।
নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, 'তিন স্তরের নিরাপত্তা থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে স্ট্যাটিক ফোর্স, এর বাইরে থাকবে মোবাইল টিম এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় থাকবে স্ট্রাইকিং ফোর্স।'
আইজিপি জানান, গত ১১ ডিসেম্বরের পর থেকে নির্বাচন ঘিরে ৩১৭টি সহিংসতার ঘটনায় ৬১৩ জন আহত এবং ৫ জন নিহত হয়েছেন। তিনি বলেন, 'একটি মৃত্যুও আমাদের জন্য দুর্ভাগ্যজনক।'
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ও শেরপুরের জামায়াত নেতা রেজাউল করিমসহ মোট ৫ জন নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় মারা গেছেন বলে উল্লেখ করেন তিনি।
নির্বাচন নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর জোর দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের উদ্যোগে ৮০ থেকে ৯০ শতাংশ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পুলিশ বডি ক্যামেরা ব্যবহার করবে এবং পাশাপাশি জেলা পুলিশ সুপাররা প্রয়োজনে ড্রোন ক্যামেরাও ব্যবহার করবেন।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত ৩ হাজার অপরাধী ও ৩৫২ জন শুটারের তালিকার বিষয়ে আইজিপি বলেন, 'এই তালিকাটি কার, সেটা আমি নিশ্চিত নই। সংখ্যা ৩ হাজার বেশি বা কম হতে পারে। তবে ১৮ কোটি মানুষের দেশে এই সংখ্যক অপরাধী নির্বাচন বানচাল করতে পারবে—এমন আশঙ্কা নেই। কোথাও বিচ্ছিন্ন অপরাধ, ডাকাতি বা হত্যাকাণ্ড ঘটতে পারে, কিন্তু তা পুরো নির্বাচনকে ব্যাহত করার মতো শক্তি নয়।'
৫ই আগস্টে জেল পালানো আসামি ও জঙ্গিরা নির্বাচনে কোনো হুমকি তৈরি করছে কি না জানতে চাইলে আইজিপি বলেন, 'প্রচারকালীন সময় কিছু আশঙ্কা ছিল। তবে প্রচার শেষ হয়েছে বড় কোনো ঘটনা ছাড়াই। বর্তমানে নির্বাচনকে ব্যাহত করার মতো কোনো শক্তিশালী জঙ্গি হুমকি নেই।'
সংবাদ সম্মেলনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
