এবার পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫,০৬৭ বন্দি
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেছেন কারাগারে থাকা বন্দিরা। গত সাত দিনে দেশের বিভিন্ন কারাগারে ৫ হাজার ৬৭ জন বন্দি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ৫৬ জন ভিআইপি এবং ১৯৮ জন নারী বন্দি রয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ।
কারা অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে শুরু করে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) পর্যন্ত সাত দিনব্যাপী এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে। দিনভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ৩ ফেব্রুয়ারি ১ হাজার ৫২১ জন, ৪ ফেব্রুয়ারি ৯৮৮ জন, ৫ ফেব্রুয়ারি ১ হাজার ১৩৮ জন, ৬ ফেব্রুয়ারি ৪২০ জন, ৭ ফেব্রুয়ারি ৪৭১ জন, ৮ ফেব্রুয়ারি ২৯৫ জন এবং সর্বশেষ আজ ৯ ফেব্রুয়ারি ২৩৪ জন বন্দি ভোট প্রদান করেছেন।
ভোট প্রদানের পদ্ধতি সম্পর্কে জান্নাত-উল-ফরহাদ জানান, প্রতিটি নিবন্ধিত বন্দিকে একটি প্যাকেটের ভেতরে তিনটি খাম দেওয়া হচ্ছে। এই প্যাকেটে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার এবং গণভোটের জন্য 'হ্যাঁ' ও 'না' অপশন সম্বলিত পৃথক ব্যালট পেপার অন্তর্ভুক্ত রয়েছে। বন্দিরা নিজেদের পছন্দমতো ভোট প্রদান শেষে খামগুলো সিলগালা করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষ সেসব ব্যালট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছে দিচ্ছে।
কারা অধিদপ্তর আরও জানায়, বর্তমানে দেশের ৭৫টি কারাগারে মোট ৮৪ হাজার ৪০০ জন বন্দি থাকলেও তাদের একটি ক্ষুদ্র অংশ ভোটাধিকারের আওতায় এসেছেন। নির্বাচনের জন্য নির্ধারিত অ্যাপের মাধ্যমে মোট ৬ হাজার ২৪০ জন বন্দি নিবন্ধনের আবেদন করেছিলেন। পরবর্তীতে যথাযথ যাচাই-বাছাই শেষে ৫ হাজার ৯২০ জনের নিবন্ধন চূড়ান্ত করা হয়, যাদের মধ্যে ৫ হাজার ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
