সিলেট-১: তথ্য গোপনের অভিযোগে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন বিএনপির
সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিলের দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছে সিলেট মহানগর বিএনপি। হাবিবুরের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ এনে তার মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে দলটি।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সারওয়ার আলমের কাছে লিখিতভাবে এ অভিযোগ দাখিল করেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
অভিযোগের তথ্যমতে, জামায়াতের প্রার্থী হাবিবুর রহমান তার হলফনামায় ঘোষণা করেছেন যে তিনি কোনো কোম্পানির পরিচালক বা শেয়ারহোল্ডার নন এবং কোনো ঋণ বা দায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এর নথি অনুযায়ী তিনি 'ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড'-এর পরিচালক এবং 'আল হারামাহ মেডিকেল সার্ভিসেস লিমিটেড'-এর শেয়ারহোল্ডার। বিএনপি নেতাদের দাবি, প্রার্থীর হলফনামায় দেওয়া এই তথ্য সত্য নয় এবং বিভ্রান্তিকর।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২৪ কোটি ১ লক্ষ ২৭ হাজার ৪৪৮ টাকা ঋণ নিয়েছে, যা বর্তমানে বকেয়া রয়েছে। প্রার্থী এই গুরুত্বপূর্ণ তথ্য স্বেচ্ছায় গোপন করেছেন, যা নির্বাচনি আইন লঙ্ঘনের শামিল বলে বিএনপি দাবি করছে।
হলফনামায় মিথ্যা তথ্য প্রদান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮১ ও ১৯৩ ধারার অধীনে অপরাধ এবং এটি ভোটার ও নির্বাচন কমিশনকে বিভ্রান্ত করার উদ্দেশ্য বহন করে উল্লেখ করে রেজাউল হাসান কয়েস লোদী জানান, তিনি রিটার্নিং অফিসারের নিকট এ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং প্রার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন।
এ ব্যাপারে জামায়াত নেতা হাবিবুর রহমানের সরাসরি বক্তব্য পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম বলেছেন, পরাজয় আঁচ করতে পেরে বিএনপি একের পর এক মিথ্যে অভিযোগ তুলছে।
তিনি বলেন, 'সিলেট-১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদীর ব্যাংক থেকে প্রায় সাড়ে ৮শ' কোটি টাকা ঋণ নিয়েছেন। তার ঋণ খেলাপির কারণে ভোটাররা বিএনপি থেকে এবার মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সমালোচনা আড়াল করতেই জামায়াত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।'
