দেশের বিভিন্ন স্থানে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়ায়। মাটির নিচে এর গভীরতা ছিল প্রায় ১৫০ কিলোমিটার।
অধিদপ্তরের তথ্যমতে, সাতক্ষীরা, খুলনা, যশোর ও আশপাশের এলাকার বাসিন্দারা এই মৃদু কম্পন অনুভব করেছেন।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
