দেশে সোনার দাম ভরিতে ৬,৫৯০ টাকা কমলো
দেশে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে কমলো ৬ হাজার ৫৯০ টাকা। নতুন এই দাম আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
আজ সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি) দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক সোনার প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকায়। ২১ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা। ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ভরিপ্রতি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকায়। আর সনাতন পদ্ধতিতে তৈরি সোনার দাম ধরা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা।
বিক্রয়মূল্যের সঙ্গে ক্রেতাদের সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি দিতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মেকিং চার্জ ভিন্ন হতে পারে।
এর আগে ১ ফেব্রুয়ারি রাতে বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করে। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৯২৫ টাকা কমিয়ে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত স্থানীয় বাজারে সোনার দাম মোট ২১ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং সাতবার কমেছে।
এদিকে সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। ৩১ জানুয়ারি নির্ধারিত দরের ভিত্তিতে বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৭ হাজার ২৯০ টাকায়। ২১ ক্যারেট রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা। সনাতন পদ্ধতিতে তৈরি রুপা বিক্রি হচ্ছে ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকায়।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ১৪ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে নয়বার দাম বেড়েছে এবং পাঁচবার কমেছে।
