মোংলার লোকালয় থেকে উদ্ধার মায়া হরিণ সুন্দরবনে অবমুক্ত, অনুসন্ধানে বনবিভাগ
সুন্দরবন সংলগ্ন মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী এলাকা থেকে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় লোকালয় থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে পুনরায় বনে ফেরত পাঠিয়েছে বনবিভাগ।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে হরিণটি উদ্ধার করা হয়। তবে হরিণটি কি পশুর নদী সাঁতরে লোকালয়ে এসেছে, নাকি চোরা শিকারিরা এটিকে লোকালয়ে নিয়ে এসেছে—তা নিয়ে অনুসন্ধান শুরু করেছে বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, রোববার দুপুরে তেলিখালী এলাকায় একটি মায়া হরিণকে ছোটাছুটি করতে দেখে স্থানীয়রা বনবিভাগকে খবর দেয়। তাৎক্ষণিকভাবে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় হরিণটি উদ্ধার করেন। উদ্ধারকৃত হরিণটি সম্পূর্ণ সুস্থ থাকায় সেটিকে পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয়রা জানান, পশুর নদীর পার হয়ে হরিণটি কোনো এক সময়ে তাদের এলাকায় চলে আসে এবং ছোটাছুটি করতে থাকে।
এদিকে স্থানীয়দের এমন দাবি মানতে নারাজ বনবিভাগ। বন কর্মকর্তা দীপন চন্দ্র দাস বলেন, 'এ বিশাল পশুর নদী পাড়ি দিয়ে একটি হরিণের লোকালয়ে চলে আসা কোনোভাবেই সম্ভব নয়। বরং চোরা শিকারিরা এটিকে শিকার করে আনার পর জনসম্মুখে ধরা পড়ার ভয়ে হয়তো ছেড়ে দিয়েছে—প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে।'
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময়ে মোংলার বিভিন্ন লোকালয় থেকে একাধিক হরিণ উদ্ধারের ঘটনা ঘটে।
