যে দেশে চাঁদাবাজি চলে সেটি কখনো সভ্য দেশ হতে পারে না: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে দেশের পথে-ঘাটে চাঁদাবাজি চলে সে দেশ কখনো সভ্য দেশ হতে পারে না। আমরা চাঁদাবাজদের সাহায্য করতে চাই। তোমরা মানুষকে কষ্ট দিয়ে অভিশপ্ত হয়ো না। আমরা তোমাদের মর্যাদার কাজ দিতে চাই।'
শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লায় জামায়াত আমিরের নির্ধারিত পাঁচটি নির্বাচনি সমাবেশের মধ্যে এটি ছিল প্রথম সমাবেশ।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও দুর্নীতিরোধ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, 'অনেক সরকারি চাকরিজীবী কম বেতনের কারণে অবৈধ পন্থায় জড়িয়ে পড়েন। কেউ কেউ লালসার কারণেও দুর্নীতিতে জড়ান। আমরা আপনাদের জন্য মর্যাদাপূর্ণ বেতন কাঠামো ঠিক করতে চাই। যাতে আপনারা স্ত্রী-সন্তান পরিবার নিয়ে ভালো জীবনযাপন করতে পারেন।'
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় ঐক্য প্রসঙ্গে বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'গায়ের ওপর চাবুক মারতে পারেন, মনের ওপর পারবেন না। হাসনাত আব্দুল্লাহ অনেক গরম কথা বলে ফেলেছে, আমি আর বলব না। এ দেশটা আমার একার না। এটি সবার। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে গড়ে তুলব।'
লাকসামের সমাবেশের পর ডা. শফিকুর রহমান এদিন কুমিল্লা নগরের টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অপর একটি জনসভায়ও বক্তব্য রাখেন। সফরসূচি অনুযায়ী, আগামীকাল (৩১ জানুয়ারি) কুমিল্লায় আরও তিনটি জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে।
