৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের রিট খারিজ, পরীক্ষা হতে বাধা নেই আগামীকাল
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে নির্ধারিত সময়ে এই পরীক্ষা অনুষ্ঠানে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন আইনজীবী নাজমুস সাকিব। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।
আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী গণমাধ্যমকে বলেন, 'রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে স্বাভাবিক নিয়মেই আগামীকাল শুক্রবার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারাদেশে ৮টি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।'
এর আগে গত ২৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের আবেদন জানিয়ে হাইকোর্টে রিট করেন চারজন পরীক্ষার্থী। রিটে ৩০ জানুয়ারির নির্ধারিত পরীক্ষা পিছিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন তারিখ নির্ধারণের নির্দেশনা চাওয়া হয়েছিল।
রিট আবেদনে জনপ্রশাসন সচিব, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান, সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক এবং প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) বিবাদী করা হয়।
৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
মামলার বিবরণ থেকে জানা যায়, জাতীয় নির্বাচনের প্রচার চালানোর সুবিধার্থে নির্বাচনকালীন সকল পরীক্ষা স্থগিত করার দাবিতে পিএসসি চেয়ারম্যান বরাবর গত ২০ জানুয়ারি স্মারকলিপি দিয়েছিল একদল চাকরিপ্রার্থী। সেই আবেদনে সাড়া না পেয়ে চার পরীক্ষার্থী উচ্চ আদালতের শরণাপন্ন হন।
রিট আবেদনে বলা হয়েছিল, ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় ৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা স্থগিতের জন্য ২০ জানুয়ারি দেওয়া স্মারকলিপি নিষ্পত্তিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে মর্মে রুল জারির আর্জি জানানো হয়।
এছাড়া রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গত ২৬ নভেম্বর দেওয়া যে সার্কুলারের মাধ্যমে ৩০ জানুয়ারি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল, তার কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছিল। তবে আদালত শুনানি শেষে রিটটি খারিজ করে দেন।
