এনবিআরের অতিরিক্ত কমিশনার তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা, ফ্ল্যাট-জমিসহ সম্পদ জব্দের নির্দেশ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব তারেক হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে ঢাকার দক্ষিণখান এলাকায় তার ১৯৯৮ বর্গফুটের একটি ফ্ল্যাট ও চাঁদপুরে ১৫ শতাংশ জমি জব্দ এবং দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব ও চারটি বীমা পলিসি অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক মো. আল আমিন এই আবেদনগুলো করেছিলেন।
আবেদনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার ও প্রথম সচিব তারেক হাসানের দাখিল করা সম্পদ বিবরণী যাচাই ও অনুসন্ধান কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। অনুসন্ধানকালে দেখা যায়, তার নামে দুটি দলিলে স্থাবর সম্পদ, দুটি ব্যাংক হিসাব, তিনটি এফডিআর, তিনটি বিও হিসাব, চারটি জীবন বীমা পলিসি এবং অন্যান্য সম্পদ রয়েছে; যার মোট মূল্য ২ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭২৮ টাকা।
আবেদনে আরও উল্লেখ করা হয়, গোপন সূত্রে জানা গেছে তিনি এসব সম্পদ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এই সম্পদগুলো এখনই ক্রোক বা অবরুদ্ধ করা না হলে তা হাতছাড়া বা বেহাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার স্থাবর সম্পদসমূহ ক্রোক এবং অস্থাবর সম্পদসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।
এছাড়া দুদকের অপর এক আবেদনে বলা হয়, তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
