অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যাকাণ্ডের বিচার হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের মেয়াদেই জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে হলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
আজ রোববার দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করতে সররকার বদ্ধপরিকর। এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ, বিজিবি, র্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
এ হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
উপদেষ্টা আরও বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চারজন সাক্ষীও ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেছে। তাদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি, উদ্ধার করা আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।
আগামী ১০ দিনের মধ্যে এ মামলার চার্জশিট দেওয়া সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
